বগুড়ার ধুনট মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শাহ্ আলম জীবন

আপডেট: 1 week ago

বগুড়ার ধুনট মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ প্রফেসর ডা. মোঃ ফরহাদ হোসেন

বগুড়ার ধুনট মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। শুধু জিপিএ-৫ নয়, নিশ্চিত করতে হবে নৈতিক ও গুণগত শিক্ষা।

বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়ন, মানসম্মত ফলাফল অর্জন ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিদ্যালয় হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোঃ ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোঃ ফরহাদ হোসেন বলেন, "আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ পাওয়ার অন্ধ প্রতিযোগিতায় ঠেলে না দিয়ে নীতি-নৈতিকতা ও গুণগত শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। সুশিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও অভিভাবকদের মধ্যকার প্রত্যক্ষ সমন্বয় অত্যন্ত জরুরি।" তিনি ছাত্রীদের নিয়মিত ও শতভাগ উপস্থিতি সুনিশ্চিত করতে মায়েদের আরও বেশি সচেতন ও যত্নশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অমৃত কুমার, শিক্ষক মোঃ নুর ইসলাম ও মোঃ লিটন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন মোছাঃ লিলা আক্তার, মোছাঃ রজনী খাতুন, মোছাঃ নাছরিন খাতুন এবং দীলিপ কুমার। উন্মুক্ত মতবিনিময় পর্বে অভিভাবকগণ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, ছাত্রীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সংকট নিয়ে তাঁদের নিজস্ব মতামত তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের উত্থাপিত যৌক্তিক মতামত ও দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দৃঢ় আশ্বাস প্রদান করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, বিপুলসংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785