বগুড়াকে মাদকমুক্ত করার অঙ্গীকার: ডিএনসির অভিযানে ৫ জন শ্রীঘরে
জ
জনতার দৃষ্টি
আপডেট: 4 days ago

মাদক কারবারিদের আস্তানায় ডিএনসির হানা: ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে শাস্তি।
বগুড়া সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার 'ক' সার্কেলের একটি চৌকস আভিযানিক দল এই যৌথ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহরাব হোসেন। অভিযানকালে আভিযানিক দল সেউজগাড়ী ও চকসূত্রাপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা এবং ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— সোনাতলা উপজেলার চামুরগোছা এলাকার সোনা চন্দ্র দাস (২৪), জয়পুরহাট সদরের জনিয়ার বাগান এলাকার মো. হৃদয় (১৯), শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী এলাকার মো. রনি (২২), সারিয়াকান্দির কড়িতলা এলাকার মো. জিহাদ (২৯) এবং বগুড়া সদরের ইসলামপুর এলাকার মো. হাসান (৩০)।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে আসামীদের শাস্তি দেওয়া হয়। রায়ে ১ নং আসামী সোনা চন্দ্র দাসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ২ নং আসামী মো. হৃদয়কে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, ৩ নং আসামী মো. রনিকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, ৪ নং আসামী মো. জিহাদকে ২ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং ৫ নং আসামী মো. হাসানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসমূহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিএনসি, বগুড়ার এই ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।






