বগুড়ার ধুনটে বিদ্যুৎ গেলেই থেমে যায় ব্যাংকিং সেবা
শ
শাহ্ আলম জীবন
আপডেট: 4 days ago

জেনারেটর থেকেও সেবা বন্ধ: ধুনটের মথুরাপুর কৃষি ব্যাংকে তেল সংকটে গ্রাহক ভোগান্তি
বিদ্যুৎ গেলেই থমকে যাচ্ছে ব্যাংকের যাবতীয় লেনদেন। লোডশেডিংয়ের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় টাকা উত্তোলনসহ জরুরি আর্থিক সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। বগুড়ার ধুনট উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মথুরাপুর শাখায় দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনা চলছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে টাকা উত্তোলনের উদ্দেশ্যে মথুরাপুর শাখায় যান গ্রাহক নাজমুল হাসান। কিন্তু বিদ্যুৎ না থাকায় তাকে প্রায় দুই ঘণ্টা অলস বসে অপেক্ষা করতে হয়। ব্যাংকে বিকল্প হিসেবে জেনারেটর থাকা সত্ত্বেও তা চালু না করায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে নাজমুল হাসান ব্যাংক কর্তৃপক্ষের কাছে জবাব চাইলে তাকে জানানো হয়, জেনারেটরের জ্বালানি (তেল) কেনার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই।
শাখা কার্যালয়ের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, বর্তমানে সেখানে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় ব্যাংকের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবাগ্রহীতাদেরও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করে মথুরাপুর শাখার ব্যবস্থাপক ইফতেখার মিয়া জানান, শাখাটির জেনারেটরের জ্বালানি বাবদ ব্যাংক থেকে মাসে মাত্র ২ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই সামান্য অর্থ দিয়ে বড়জোর সাত দিনের তেলের খরচ চলে। মাসের অবশিষ্ট দিনগুলোতে কখনো নিজের পকেটের টাকায়, আবার কখনো অন্য খাত থেকে ভর্তুকি দিয়ে কোনোমতে জ্বালানির সংস্থান করতে হয়।
প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের বাস্তবতায় মাসে মাত্র ২ হাজার ৯৯০ টাকার তেল বরাদ্দ দিয়ে কীভাবে একটি স্পর্শকাতর আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা সম্ভব—ব্যবস্থাপকের এমন তথ্যে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
একটি গুরুত্বপূর্ণ ব্যাংকিং প্রতিষ্ঠানে সামান্য জ্বালানির অভাবে সেবা বন্ধ থাকাকে কর্তৃপক্ষের চরম উদাসীনতা বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। অবিলম্বে পর্যাপ্ত জ্বালানি বরাদ্দ নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা চালু করে গ্রাহক দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
এই বিভাগের আরও খবর
ধুনটে নজরুলের স্মৃতি চরণে শিক্ষার্থীরা: অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা

৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ হাইকোর্টের

বগুড়ার ধুনটে বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর- ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা


