বগুড়ার ধুনটে বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
শ
শাহ্ আলম জীবন
আপডেট: 6 days ago

সারাদেশের ন্যায় ধুনটেও নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
বগুড়ার ধুনটে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা ও সম্প্রীতির মধ্য দিয়ে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ধুনট উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও আকর্ষণীয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ পূর্ণ আগ্রহ নিয়ে অংশ নেন। শোভাযাত্রাটিতে শ্রীকৃষ্ণের জন্মলীলা, শিশুকালের নানা ঘটনা ও পৌরাণিক ঐতিহ্য ফুটিয়ে তুলতে অংশ নেন ভক্তরা। ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতীকী সাজসজ্জায় পুরো আয়োজনটি উৎসবমুখর ও বর্ণিল হয়ে ওঠে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও ধর্মীয় গাম্ভীর্য ও সম্প্রীতির আবহে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য কেবল উৎসব উদযাপন নয়; বরং সমাজে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অমিয় বার্তা ছড়িয়ে দেওয়া।
র্যালিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল।
এছাড়া সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ধুনট পৌরসভার মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ধুনট উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ ও রঘু রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহা প্রমুখ।



